পশ্চিমবঙ্গের দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার প্রস্তুতি সভা হল জলপাইগুড়িতে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ আগস্ট:পশ্চিমবঙ্গের দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। এই খুশিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১ সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। সোমবার শোভাযাত্রার প্রস্তুতি সভা করল জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুর কর্তৃপক্ষ।

এদিন প্রয়াস হল ঘরে জলপাইগুড়ি সদর ব্লকের পাশাপাশি বিভিন্ন থানা এলাকায় পুজো কমিটির সঙ্গে বৈঠক হল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আদিবাসী অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়, দমকলের আধিকারিক। এছাড়া বিভিন্ন থানা এলাকার ডিএসপি, ট্র‍্যাফিক পুলিশ।

বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত থাকবে ১১৪টি ক্লাব, স্কুল পড়ুয়া ও পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ডিজে মাইক শোভাযাত্রায় নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য সরকার থেকে দেওয়া লোগো ব্যবহার করতে হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে রবীন্দ্র ভবনে জমায়েত হবেন পুজো কমিটির সদস্যরা। এরপর বেগুনটারি, কদমতলা, ডিবিসি রোড, থানা মোড় হয়ে সমাজ পাড়াতে মিছিল শেষ হবে। মেডিকেল টিম ও অ্যাম্বুল্যান্স থাকবে।

জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, “বর্ণাঢ্য শোভাযাত্রা করা হবে ১ সেপ্টেম্বর। ১১৪ টি ক্লাব অংশ গ্রহণ করবে। বিভিন্ন ব্লকের গ্রামীন এলাকার চারটি ক্লাব অংশ গ্রহণ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *