ঝাড়গ্রাম জেলা পুলিশের ‘দান’ অ্যাপের মধ্যেমে রক্ত পেলেন গোপীবল্লভপুরে চিকিৎসাধীন এক প্রসূতি, খুশি পরিবার

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ সেপ্টেম্বর: ঝাড়গ্ৰাম জেলা পুলিশের ‘দান’ মোবাইল এপ্লিকেশনে আবেদন করার কয়েক ঘন্টার মধ্যে প্রয়োজনীয় রক্ত পেলেন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি এক প্রসূতি মহিলা।বেলিয়াবেড়া থানার এক সিভিক ভলান্টিয়ার হাসপাতালে এসে মহিলার জন্য রক্ত দান করলেন।

জানা গেছে, শনিবার গোপীবল্লভপুরের বর্গি ডাঙ্গা এলাকার সাবিত্রী রানা দাস নামে এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা মহিলার সন্তান প্রসবের জন্য সিজার করতে হবে বলে পরিবারের লোকজনকে জানান, দু ইউনিট এ নেগেটিভ গ্রুপের রক্ত প্রয়োজন হবে প্রসূতির জন্য। কিন্তু ওই গ্রুপের রক্ত গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে না থাকায় সঙ্গে সঙ্গে মহিলার পরিবারের লোকজন ঝাড়গ্ৰাম জেলা পুলিশের ‘দান’ মোবাইল এপ্লিকেশনে আবেদন করেন। পরে সন্ধে নাগাদ বেলিয়াবেড়া থানার একজন সিভিক
ভলান্টিয়ার গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তদান করেন।

পাশাপাশি আরও একজন যুবক রক্ত দান করায় এই মুহূর্তে প্রসূতির রক্তের প্রয়োজন মিটেছে। তবে পুলিশের মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় রক্ত পেয়ে খুশি প্রসূতির পরিবার।

উল্লেখ্য, মুমুর্ষ রোগীদের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন মেটাতে ঝাড়গ্ৰাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা কয়েকদিন আগে দান মোবাইল এপ্লিকেশনের উদ্বোধন করেছেন। প্রথম থেকে পুলিশের এই উদ্যোগে মানুষ অনেকটাই উপকার পাচ্ছেন বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *