সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৮ এপ্রিল: পুরুলিয়ার রোদ গরমে মৃত্যু হল গর্ভবতী মহিলার। আজ পুরুলিয়া শহরে এসেছিলেন পুঞ্চার ন’পাড়া গ্রামের গৃহবধূ চৈতালী মাহাতো (২২)। আজ দুপুরে তিনি
চেকআপ করাতে পুরুলিয়া শহরে আসেন। তার স্বামী মনোজ মাহাতো বলেন, রোদে কিছুটা ঘুরতে হয়েছিল তাদের। এরপর একটি হোটেলে খাবার খেতে ঢোকেন তারা। রোদে ঘুরে শরীর খারাপ লাগছিল তার স্ত্রীর। হোটেলে ঢুকে হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। তবে সরকারি ভাবে হিটস্ট্রোক কি না তা ময়নাতদন্তের পরই বলা সম্ভব বলে জানান চিকিৎসকরা।

পুরুলিয়া জেলাজুড়ে তাপ প্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজও সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি ছিল এদিনও। প্রচণ্ড রোদে হাঁসফাঁস অবস্থা মানুষের। এই অবস্থায় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

