প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ জুন: এলাকার দখলকে কেন্দ্র করে রাতভর চলা দুই গোষ্ঠীর বোমাবাজিতে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়ার ২৯ নম্বর রেলগেট সংলগ্ন এলাকা। দুষ্কৃতীদের ছোড়া বোমার ঘায়ে একাধিক ব্যক্তির জখম হয়েছে।
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ভাটপাড়া এলাকায় প্রায়দিনই চলছে বোমাবাজি ও দুষ্কৃতী হামলার ঘটনা। যার ফলে আতঙ্কিত এলাকাবাসী। রবিবার শুরু হওয়া বোমাবাজির ঘটনায় ফের আতঙ্ক ছড়াল এলাকায়।

বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে র্যাফ নামানো হয়। রাতভর দুষ্কৃতীদের খোঁজে চলে পুলিশি তল্লাশি। বোমাবাজিতে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

পুলিশের সামনেই দুষ্কৃতীরা বোমা ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া বোমার ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন এক পুলিশ আধিকারিক। সেই সঙ্গে পুলিশের সামনেই সমানে চলতে থাকে বোমাবাজি। দুই রাউন্ড গুলি চলে বলেও প্রতক্ষ্যদর্শীরা জানান। আর সেই সময় মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন এক পুলিশ কর্মী। তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সারারাত ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলছে পুলিশি টহল।
রবিবার রাতের ঘটনার রেশ রয়েছে সোমবার সকালেও৷ পরিস্থিতি এখনো থমথমে৷

