স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ জানুয়ারি: রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সির সামনে কোভিড ওয়ার্ডে ব্যবহৃত পিপিই কিটের স্তুপ। দিনের পর দিন কিটগুলি এভাবে পড়ে থাকায় সংক্রমন ছড়ানোর আশঙ্কা করছেন সাধারণ রোগী ও তাদের পরিজন থেকে স্বাস্থ্যকর্মীরা।
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে সবসময় পড়ে থাকছে পিপিই কিটের স্তুপ। আবর্জনার সঙ্গে মিশে ছড়িয়ে পড়ছে সর্বত্র। এদিকে ইমার্জেন্সি থেকে আউটডোর, ওয়ার্ড সবই রয়েছে দশতলা বিল্ডিংয়ে। সব সময়ই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ রোগী ও তাদের পরিজনেদের যাতায়াত ওই চত্ত্বরে। কিন্তু তার পরেও দিনের পর দিন একই চিত্র।
কোভিড আবহে এভাবে ওয়ার্ডে ব্যবহৃত পিপিই কিটগুলি এভাবে প্রকাশ্যে ফেলে দেওয়া হচ্ছে, আর কখনও কখনও হাওয়ার দাপটে তো কখনো কুকুরের কারনে সেগুলো ছড়িয়ে পড়ছে সর্বত্র। এভাবে সংক্রমণ আরো দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন হাসপাতালের স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা রক্ষীরাও। সমস্যার কথা জানিয়েছেন হাসপাতালে আসা সাধারন মানুষ ও।
অন্যদিকে সংক্রমন ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেননি খোদ হাসপাতালের সহকারী সুপার অভীক মাইতি। তিনি বলেন, “ব্যবহৃত পিপিই কিট ফেলার জন্য আলাদা স্থান রয়েছে। কীভাবে পিপিই কিটগুলি এখানে এলো তা জানার জন্য দায়িত্ব প্রাপ্ত কর্মীদের ডাকা হয়েছে। পাশাপাশি কোভিডে ব্যবহৃত জিনিস ফেলার জন্য আলাদা ডাম্পিং গ্রাউন্ড এর পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে।

