আমাদের ভারত, হাওড়া, ১৪ আগস্ট: বাড়ির সামনের খালে মাছ ধরার সময় পা পিছলে জলে পড়ে জলের তোড়ে ভেসে নিখোঁজ হলেন এক ব্যাক্তি। নিখোঁজ ব্যক্তির নাম শ্যাম দোলুই (৫৮)। বাড়ি আমতা ২ নং ব্লকের কাশমলী গ্রাম পঞ্চায়েতের ফটিকবেড়িয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শ্যাম দোলুই বাড়ির সামনে গাইঘাটা খালে মাছ ধরার সময় আচমকা পা পিছলে খালের জলে পড়ে যায়। সেই সময় খালে প্রচুর জলের স্রোত থাকায় নিমেষে ওই ব্যক্তি জলের তোড়ে ভেসে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আমতার বিধায়ক সুকান্ত পাল। তার নির্দেশে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

