কম্পিউটারের মাধ্যমে সরকারি নথি নকল করার অভিযোগে গোপীবল্লভপুরের বাঁকড়া গ্রাম থেকে গ্রেফতার এক ব্যক্তি

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২৮ নভেম্বর: কম্পিউটারে সরকারি নথি নকল করার অভিযোগে গোপীবল্লভপুরের বাঁকড়া গ্রাম থেকে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। পুলিশ সুত্রে খবর, আটক ব্যক্তির নাম সূর্যকান্ত মহাপাত্র। পেশায় একজন অনলাইন সেন্টারের মালিক।

জানা গেছে, সোমবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসনের তরফ থেকে ব্লকের বাঁকড়া প্রাইমারি স্কুলে চলছিল দুয়ারে সরকার ক্যাম্প। ওই ক্যাম্পে কাস্ট সার্টিফিকেটের জন্য এক ব্যক্তির আবেদন পত্রের সঙ্গে দেওয়া প্রয়োজনীয় নথি থেকে কিছু নথি নকল করা হয়েছে বলে সন্দেহ হয় ব্লক প্রশাসনের কর্মীদের। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলেন তিনি স্বীকার করেন তার রেশন কার্ডের নকল করা হয়েছে। সঙ্গে তিনি বাঁকড়া গ্রামের সূর্যকান্ত মহাপাত্রের কম্পিউটার সেন্টারে রেশন কার্ড পরিবর্তন করেছেন বলে জানান।সেই ভিত্তিতে বাঁকড়া প্রাইমারি স্কুলের দুয়ারে সরকার ক্যাম্পের ম্যানেজার সৌভিক খানের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সূর্যকান্ত মহাপাত্র’র কম্পিউটার সেন্টারে অভিযান চালায় পুলিশ এবং ব্লক প্রশাসন। আটক করে হয় অভিযুক্তকে। অভিযুক্তের সেন্টার থেকে কম্পিউটারের সিপিইউ বাজেয়াপ্ত করা হয়।

প্রশাসন সুত্রে খবর, বাজেয়াপ্ত সিপিইউ থেকে অভিযুক্ত আরও কী কী সরকারি নথি নকল করেছেন তা খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *