জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ জুলাই: অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাছ থেকে গ্লুকোজ জল খেয়ে সর্বস্ব হারালেন সবংয়ের এক ব্যক্তি। মাদক মেশানো জল খাইয়ে ওই ব্যক্তির সর্বস্ব নিয়ে পালাল দুষ্কৃতী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে।
স্ত্রীর শারীরিক অসুবিধার কারণে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সবংয়ের ঋষিকেশ ওঝা। গতকাল রাতে খাবার খাওয়ার পর হাসপাতালের মাতৃমা বিভাগের বাইরে ঘুমোতে যান ঋষিকেশবাবু। ওই সময় এক ব্যক্তি তার সঙ্গে ভাব জমায় এবং তাকে জলের বোতল দিয়ে গ্লুকোজ খাওয়ায়। এর পরেই ঋষিকেশবাবু অচৈতন্য হয়ে পড়েন। শনিবার সকালে উঠে দেখেন তার ব্যাগ থেকে ১৮ হাজার টাকা ও মোবাইল ফোনটি লুট হয়ে গেছে। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

