অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ আগস্ট:
শুক্রবার সন্ধ্যায় গোপীবল্লভপুর ১নং ভলমপুর কালনাগিনি খালের জলে ডুবে মৃত্যু হল নগেন নায়েক নামে এক ব্যক্তির। তার বাড়ি সুমিত্রপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা নামার আগে প্রতিদিনের মতো কালনাগিনি খালে স্নান করতে গিয়েছিলেন কিন্তু আর বাড়ি ফেরেননি৷ সন্ধ্যার সময় গ্রামের মানুষজন তাকে কালনাগিনি খালে ভাসতে দেখেন। এর পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপীবল্লভপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর পর খবর দেওয়া হয় গোপীবল্লভপুর থানায়। পুলিশ এসে মৃত্যুর আসল কারন জানার জন্য মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। নগেন নায়েকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সুমিত্রপুর গ্রাম। ঘটনার তদন্ত শুরু করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ।

