নূপুর শর্মাকে খুন করতে ভারতে অনুপ্রবেশ, রাজস্থানে বিএসএফের হাতে ধরা পড়ল এক পাকিস্তানি

আমাদের ভারত, ২০ জুলাই: নবি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন নেত্রী নূপুর শর্মাকে খুন করতে এসে বিএসএফের হাতে ধরা পড়ল এক পাকিস্তানি যুবক। বছর চব্বিশের ওই পাকিস্তানি যুবকের নাম রিজওয়ান আশরাফ। বিএসএফ তাকে হিন্দু মালকোট পুলিশ স্টেশনে হস্তান্তর করে। আপাতত সে পুলিশি হেফাজতে রয়েছে।

নূপুর শর্মাকে খুনের উদ্দ্যেশ্যে সে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালায়। ১৬ জুলাই রাত এগারোটা নাগাদ বিএসএফের একটি পেট্রোলিং টিম তাকে হাতেনাতে ধরে। রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার সীমান্তে বিএসএফের হাতে সে ধরা পড়ে। পুলিশ সুপার আনন্দ শর্মা জানিয়েছেন, ধৃত রিজওয়ান আশরাফ উত্তর পাকিস্তানের মান্ডি বাহাউদ্দিন জেলার বাসিন্দা। ১৬ জুলাই অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে সে ধরা পড়ে। আশরাফের কাছে একটি ব্যাগ ছিল, যার মধ্যে দুটি বড় বড় ১১ ইঞ্চির ছুড়ি, ম্যাপ, কিছু ধর্মীয় বই, খাবার ও
জামা কাপড় ছিল। বিএসএফ ধৃত রিজওয়ান আশরাফকে হিন্দুমালকোট পুলিশ স্টেশনে হস্তান্তর করে। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নবি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মাকে খুনের উদ্দেশ্যেই সে এসেছে ভারতে। যদিও প্রথমে সে জানিয়েছিল, সে আজমের শরিফে যেতে চায়। সে একজন ধর্মপ্রাণ মুসলমান।

আদালতে তোলা হলে আদালত আশরফকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। মিলিটারির ইন্টেলিজেন্স, আই বি তাকে জিজ্ঞাসাবাদ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *