পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর ইংরেজি, বাংলা এবং হিন্দি বিভাগের সম্মিলিত উদ্যোগে আজ কলেজে অনুষ্ঠিত হল একদিনের জাতীয় স্তরের আলোচনা-চক্র। বিষয় ছিল “Cartography of Cultural Marginality: Situating Dalit Writings in India”। আলোচনা-চক্রের সূচক বক্তা ছিলেন বিশিষ্ট দলিত লেখক শ্রী শরণকুমার লিমবালে। নিজের বক্তব্যে লিমবালে দলিত মানুষের অধিকারের কথা, তাদের প্রতি বঞ্চনার কথা তুলে ধরেন। আমন্ত্রিত বক্তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট কবি জয়প্রকাশ কর্দম, মনোহর মৌলি বিশ্বাস এবং লেখক মনোরঞ্জন ব্যাপারী।

বক্তাদের বক্তব্যে শ্রোতাদের সামনে উঠে আসে দলিত আন্দোলনের ইতিহাস এবং দলিত সাহিত্যের নানা আঙ্গিকের কথা। উপস্থিত ছিলেন দলিত সাহিত্যের বিশিষ্ট গবেষক ডঃ ইন্দ্রনীল আচার্য্য, ডঃ সম্রাট সেনগুপ্ত, ডঃ কল্যাণ দাস প্রমুখ। আলোচনা-চক্রে নিজেদের গবেষণা পত্র পাঠ করেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা গবেষকরা। অনুষ্ঠানের এক বিশেষ পর্বে ছিল সমাজের অন্ত্যজ জেতোড় সম্প্রদায়ের লোকশিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন। মঞ্চে তাদের প্রাণময় পরিবেশন উপস্থিত দর্শকদের আলোড়িত করার সাথে সাথে তাদের প্রান্তিক জীবন যাপনের নানা দিকের কথাও তুলে ধরে। পরপর দুদিন দুটি ভিন্ন বিষয়ের ওপর আলোচনা-চক্র সুষ্ঠুভাবে আয়োজিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ ডঃ গোপাল চন্দ্র বেরা।
অধ্যক্ষ বলেন, যে জ্ঞানচর্চার বিভিন্ন শাখার ওপর মনোযোগী অধ্যয়নে অনুপ্রাণিত করার জন্য কলেজ সবসময়ই সচেষ্ট। অংশগ্রহণকারী সবাইও এমন আলোচনা-চক্রে উপস্থিত থাকতে পেরে নিজেদের আনন্দ ব্যক্ত করেন।

