আমাদের ভারত, ২৭ জুলাই: আবারও টাকার পাহাড় উদ্ধার? অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকেও কি নগদ উদ্ধার করল এনফর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা? ব্যাঙ্ক থেকে টাকা গোনার মেশিন চেয়ে পাঠাতেই তৈরি হয়েছে সেই জল্পনা।
বুধবার বেলা বারোটা নাগাদ বেলঘড়িয়ার ক্লাব টাউন আবাসনের নয় তলার ফ্ল্যাটে সামনে পৌঁছে যান ইডি আধিকারিকরা। ফ্ল্যাটটি তালা বন্ধ অবস্থায় ছিল। চাবি খোঁজ করে না মেলায় ডাকা হয় এক চাবিওয়ালাকে। কিন্তু ঘন্টাখানেক চেষ্টা করার পরও লক খুলতে না পারায়, শেষ পর্যন্ত ফ্ল্যাটের তালা ভেঙ্গে তদন্তকারীদের ঢোকেন ভেতরে।
এরপর অর্পিতার বন্ধ ফ্ল্যাটে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় ইডির আরও একটি দল। একটি প্রিন্টার সঙ্গে নিয়ে তারা ঢুকে যান ফ্ল্যাটে। বিকেল নাগাদ খবর পাওয়া যায় ওই ফ্ল্যাটেও বিরাট নগদের হদিশ পাওয়া গেছে। ব্যাঙ্ক কর্মীদের একটি দল নোট গোনার মেশিন নিয়ে ওইখানে পৌঁছেছেন।
শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটির বেশি টাকা, গয়না, বিদেশি মুদ্রা ২০টি মোবাইল ফোন ও নথি উদ্ধার করে ইডি। তারপর জানা যায় বেলঘড়িয়াতেও ফ্ল্যাট রয়েছে এই পার্থ ঘনিষ্ঠের। বুধবার সকালে সেখানে অভিযান চালায় ইডি। অন্যদিকে অর্পিতার মা থাকেন বেলঘড়িয়ার আব্দুল লতিফ স্ট্রিটের অন্য একটি বাড়িতে। সেখানেও তল্লাশি চালায় তদন্তকারীরা।

