কোভিড আক্রান্তদের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিল হলদিয়ার একটি বহুজাতিক সংস্থা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ জুন: জেলার কোভিড আক্রান্তদের চিকিৎসায় বেড ও অন্যান্য সরঞ্জাম দিয়ে এবার সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এল হলদিয়ার একটি বহুজাতিক সংস্থা। মঙ্গলবার তমলুকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের অডিটোরিয়াম হলে স্বল্প পরিসরে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন চিকিৎসা সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন একটি ভেন্টিলেটর, ৫০টি অক্সিমিটার, পিপিই কিট, জেলার আইসোলেশন সেন্টারের জন্য সংস্থার পক্ষ থেকে ৫০ টি বেড এবং ৫০টি ফ্যান, ২৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ডিজিটাল থার্মোমিটার প্রদান করা হয়।

হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের হলদিয়া ডিটারজেন্ট ফ্যাক্টরির ইউনিট ম্যানেজার অনিকেত নীতিশ বলেন, শুরু থেকেই সংস্থার পক্ষ থেকে আমরা করোনার মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছিলাম। তারই অঙ্গ হিসেবে গত বছরেও হলদিয়াতে করোনার চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে বিভিন্ন চিকিৎসা সামগ্রী তুলে দেওয়া হয়েছিল। সেইসঙ্গে গ্রামীণ এলাকাগুলিতে ত্রাণ সামগ্রীও সংস্থার পক্ষ থেকে বিতরণ করা হয়েছিল। এরপর চলতি মরসুমে ফের যেভাবে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে তাতে সেভ হোম, আইসোলেশন সেন্টার থেকে শুরু করে হাসপাতাল গুলির পরিকাঠামোর উন্নয়নে আমরা আমাদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছি। সাধারণ মানুষ এই করোনা মুকাবিলার যুদ্ধে যাতে নিজেদের স্বচ্ছ পরিচ্ছন্ন রাখতে হাইজেনিক সঠিকভাবে মানতে পারেন সেজন্য বিভিন্ন ক্ষেত্রে গ্রামবাসীদের মধ্যেও স্যানিটাইজার সাবান সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সামগ্রিকভাবে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু করোনা মোকাবিলার ক্ষেত্রে নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে আমাদের এই সচেতনতা মূলক প্রয়াস।

এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানিয়েছেন, এটা খুবই ভালো বিষয়। সামাজিক দায়বদ্ধতা থেকেই করোনার মোকাবিলায় হিন্দুস্থান ইউনিলিভারের মত বহু কর্পোরেট সংস্থা ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে। বহু ছোট ছোট স্বেচ্ছাসেবী সংস্থা, সাধারণ মানুষ জনও দ্বিতীয় পর্যায়ের এই করোনা মোকাবিলায় সকলের সঙ্গে হাত মিলিয়ে মানুষের পাশে থেকেছেন। যেটা একটা সুস্থ সামাজিকতার পরিচয়। তাই এভাবে হিন্দুস্তান ইউনিলিভার কর্তৃপক্ষ সহ সকলের মিলিত প্রচেষ্টা ও সাহায্যকে আমরা সাধুবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *