বনগাঁয় পণ্য বোঝাই ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ গেল মা ও ছেলের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ অক্টোবর: ট্রাফিকের গাফিলতির করণে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল মা ও ছয় বছরের ছেলের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার বিএস ক্যাম্প মোড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, ট্রাক থেকে টাকা তুলতেই ব্যস্ত ছিল পুলিশ। আর সে কারণেই মৃত্যু হল মা ও ছেলের। ট্রাকের চালক মদ্যপ অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, এদিন দুপুর সাড়ে ১২ টা নাগাদ বনগাঁর বিএস ক্যাম্প মোড় এলাকায় ছেলেকে নিয়ে যশোর রোডের ধারে দাঁড়িয়েছিলেন এক মহিলা। সেই সময় একটি চাল বোঝাই ট্রাক পেট্রাপোল সীমন্তের দিকে যাচ্ছিল। আর তখনই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সৌভিক দাস বলেন, এদিন ট্রাকটি মোড়ের মাথা থেকে ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে শিশুটিকে ধাক্কা মারে। নিজের সন্তানকে বাঁচাতে গেলে শিশুর মা রাস্তায় পড়ে যান। আর তখন ট্রাকটি তার কোমড়ের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মা এবং ছেলের মৃত্যু হয়।

অন্যদিকে ট্রাক থেকে টাকা তুলতে ব্যাস্ত পুলিশ। এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা ট্রাকের চালক ও খালাসিকে আটক করেন। খবর পেয়ে ছুটে আসে বনগাঁ থানার পুলিশ। দুর্ঘটনায় দেহ দুটি এমনভাবে ট্রাকের চাকার নিচে আটকে ছিল যে, দেহ বের করতে দুটি ক্রেনকে কাজে লাগানো হয়। পুলিশ জানিয়েছে, ট্রাকের চালক এবং খালাসিকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা অলোক হালদার বলেন, যে স্থানে এদিন দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে প্রতিনিয়ত বনগাঁ থানার পুলিশ, সিভিক ভলান্টিয়ার এবং পুরসভার কর্মীরা থাকেন। তারপরেও কিভাবে এমন দুর্ঘটনা ঘটে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। প্রতিটি পণ্য বোঝাই ট্রাক থেকে বেআইনি ভাবে পুলিশ টাকা নিচ্ছে। এছাড়া আরটিও অধিকারিকরা ওভারলোডিং ট্রাক থেকে চালান না কেটে হাজার হাজার টাকা ঘুষ নিয়ে ট্রাকগুলি ছেড়ে দিচ্ছে। আর এর ফলে বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে পথ চলতি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *