আমাদের ভারত, ১৬ আগস্ট: পহেলগামে বাস দুর্ঘটনায় বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার তিনি টুইটারে লিখেছেন, “পহেলগামের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে গভীরভাবে বেদনাহত হয়েছি। দুর্ঘটনায় আমরা বেশ কয়েকজন সাহসী আইটিবিপি জওয়ান এবং পুলিশ কর্মীকে হারিয়েছি। আমি আমাদের জওয়ানদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। কর্তব্যরত অবস্থায় যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।“
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পহলগামে বড় দুর্ঘটনা ঘটেছে। এখানে অমরনাথ যাত্রার দায়িত্বে নিয়োজিত আইটিবিপি জওয়ানদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার অভিযান চলছে। এই দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের তথ্য সামনে আসছে। ইতিমধ্যে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

