স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩০ মার্চ: মানসিক ভারসাম্যহীন এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে প্রাণে মেরে ফেলার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার উত্তর কচরা গ্রামে। মৃত যুবকের নাম জামিরুদ্দিন( ২২)। এই ঘটনাকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করনদিঘীর উত্তর কচরা গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন যুবক জামিরুদ্দিন সাইকেল চেপে লাহুতারা এলাকায় মামার বাড়িতে বেড়াতে যায়। আচমকা রাতে ঘুম ভেঙে সে বাড়ির উদ্দেশ্যে সাইকেল চেপে রওনা হয়। পথে তাকে দেখে জিজ্ঞাসাবাদ করতে অসংলগ্ন কথাবার্তা শুনে চোর সন্দেহে লাহুতারা গ্রামের বাসিন্দারা গণধোলাই দেওয়া শুরু করে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে উত্তর করচা গ্রামের আত্মীয় স্বজনরা। তারা গণধোলাইয়ে বাধা দিলেও লাহুতারার বাসিন্দারা তা শোনেনি বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় জামিরুদ্দিনকে উদ্ধার করে করনদিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দেন। রায়গঞ্জ হাসপাতালে গুরুতর জখম জামিরুদ্দিনকে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন।

এই ঘটনার পরই উত্তেজনা দেখা দেয়। একজন মানসিক ভারসাম্যহীন যুবককে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতদেহ ময়নাতদন্তের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।

