সাথী দাস, পুরুলিয়া, ২৭ জানুয়ারি: গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলে পুরুলিয়ার ঝালদা পুরসভার প্রশাসক মন্ডলীর এক সদস্য পদত্যাগ করে তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিলেন। ওই সদস্যের নাম পঙ্কজ মন্ডল। পৌরসভায় আজ পদত্যাগ পত্র জমা দিয়ে পঙ্কজবাবু জানান, ২৬ শে জানুয়ারি আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেছি, প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস নেপাল মাহাতোর অনুপ্রেরণায়।
কারণ হিসাবে তিনি বলেন, আমি যে দলে ছিলাম সেই দলের হয়ে প্রচুর কাজ করেছি। কিন্তু সেই দলে আমার আর সম্মান নেই। কোথায় কী হচ্ছে জানতেও পারছি না। আমাকে জানাচ্ছেও না। বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক সুশান্ত মাহাতোকে বার বার ফোন করি কিন্তু উনি ফোন ধরেন না।
তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে প্রকাশ্যে গুরুত্ব দিতে নারাজ। তবে, পুর নির্বাচনের মুখে তৃণমূলের পক্ষে স্বস্তিদায়ক হবে না বলে মনে করে রাজনৈতিক মহল।

