স্নেহাশীষ মুখাধর্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ জানুয়ারি: মদের দোকানের সামনে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা যায়, মৃত ব্যক্তির নাম রবি মন্ডল বয়স আনুমানিক ৪২ বছর। বাড়ি শান্তিপুর বোয়ালিয়া বাজার সংলগ্ন এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়, এরপর আর বাড়িতে ফেরেনি। সন্ধ্যার পর পরিবারের কাছে খবর আসে ওই ব্যক্তি ওই এলাকার বাজার সংলগ্ন একটি মদের দোকানের পাশে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। ছুটে যায় পরিবারের লোকজন। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ব্যক্তির দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
স্থানীয়দের দাবি, বাড়ি থেকে বেরিয়ে ওই ব্যক্তি মদের দোকানে যায় মদ কিনতে। এরপর মদের দোকানের পাশেই বসে আসর। তবে ভর সন্ধ্যায় মদের আসরে কি এমন ঘটনা ঘটলো যার কারণে মৃত্যু হল ওই ব্যক্তির, এই প্রশ্নই ঘুরছে স্থানীয়দের মধ্যে। তবে ওই ব্যক্তির মুখে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন আছে বলে দাবি করেন স্থানীয়রা। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। গতকাল রাতেই মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। আজ মৃতদেহটির ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে থানায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ওই ব্যক্তির এই রহস্য মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

