বাগদায় বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ১২ জুলাই: বেআইনি ভাবে প্রধানের বাড়ির সামনে পুকুর ভরাটের অভিযোগ উঠল এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েতে অভিযোগ জানানো সত্ত্বেও মাটি ভরাটের কাজ চলছে বলে দাবি অভিযোগকারীর। অবৈধ হলে ব্যবস্থা নেওয়া হবে জানালেন বাগদার
বিএলআরও ও পঞ্চায়েত প্রধান।

স্থানীয় সূত্রের খবর, বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না বিশ্বাসের বাড়ির সামনে রবিন মন্ডল ও ঝর্ণা মন্ডল তাদের নিজস্ব পুকুর মাটি দিয়ে ভরাট করছে। পুকুর ভরাটের অভিযোগ তুলে পঞ্চায়েত ও বিএলআরও’র দ্বারস্থ হয়, ওই এলাকার এক মহিলা পারমিতা বিশ্বাস। তাঁর অভিযোগ, দীর্ঘদিন আগে পঞ্চায়েত প্রধানকে অভিযোগ জানানো সত্ত্বেও মাটি ভরাটের কাজ বন্ধ করেনি ওই মণ্ডল পরিবার। এই পুকুর বন্ধ হয়ে গেলে এলাকার জল নিষ্কাশনের সমস্যা হবে। বিএলআরও দফতরে পুকুর ভরাটের অভিযোগ জানিয়েছেন তিনি।

এই বিষয়ে জমির মালিকের স্ত্রী ঝর্ণা মন্ডল জানান, এটা ধানি জমি ছিল, কয়েক বছর আগে আমরা পুকুর কেটেছিলাম। এখন মাটি ভরাট করা হচ্ছে। পঞ্চায়েত এবং বিএলআরও’র কাছ থেকে অনুমতি নিয়ে মাটি ভরাট করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এই অভিযোগ প্রসঙ্গে পাত্তা দিতে নারাজ তিনি।

এই বিষয়ে বাগদার বিএলআরও রক্তিম ঘোষ জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়েছি ব্যবস্থা নিচ্ছি। কাজ বন্ধ না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চায়েত প্রধান চায়না বিশ্বাস বলেন, কাজের ক্ষেত্রে বাইরে ছিলাম, আমি এখনই খোঁজ নিয়ে পুকুর ভরাট বন্ধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *