আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ জুলাই: সাংবাদিকের পরিচয় দিয়ে রামনগর থানার শ্যামপুরে এক যুবতীকে চাকরির প্রলোভন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ করে গ্রেফতার মানিক পাত্র নামে এক ব্যক্তি।
নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদলপুর অঞ্চলের শ্যামপুর গ্রামের বাসিন্দা এক যুবতীর সঙ্গে সম্পর্ক করে। ওই যুবতীকে বিভিন্ন চ্যানেলে কাজ পাইয়ে দেওয়ার নাম করে এবং তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার বাবার কাছ থেকে লক্ষাধিক টাকা আদায় করে বলে অভিযোগ। ওই যুবক বিবাহিত হওয়া সত্বেও ওই যুবতীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে চাকরি না হওয়ায় বা বিয়ে না করায় মানিক পাত্রের বিরুদ্ধে ওই যুবতীর পরিবার সহ এলাকার মানুষ ক্ষুব্ধ হয়। আজ ওই যুবক এলাকায় গেলে গ্রামবাসীরা যুবককে একটি স্কুল ঘরের মধ্যে আটকে রেখে মানসিকভাবে নির্যাতন করতে শুরু করে বলে অভিযোগ।

খবর পেয়ে সাংবাদিকরা এলাকায় গেলে তাদেরকেও আটকে রেখে মারধর শুরু করে এলাকার বেশ কয়েকজন যুবক। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও পুলিশের সামনেই সাংবাদিকদের নিগ্রহ ঘটনা ঘটতে থাকে। পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় খবর পেয়ে রামনগর থানার ওসি সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধার করে এবং অভিযুক্ত মানিক পাত্র সহ দুজনকে থানায় নিয়ে আসে। পরে অভিযোগের ভিত্তিতে মানিক পাত্রকে গ্রেপ্তার করেছে রামনগর থানার পুলিশ। আগামীকাল তাকে কাঁথি আদালতে তোলা হবে।

