অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ এপ্রিল: গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির আত্মহত্যা। রবিবার সকালে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার বৈঞ্চা গ্রামে ডুলুং নদীর ধারে। মৃত ব্যক্তির নাম অজিত খাঁড়া, বয়স ৪০ বছর। তার বাড়ি সাঁকরাইল থানার সোনাকুলি গ্রামে। স্থানীয় বাসিন্দারা তাকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর পুলিশকে গ্রামবাসীরা বিষয়টি জানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে কি কারণে ওই ব্যক্তি তার বাড়ি থেকে কিছুটা দূরে ডুলুং নদীর পাড় এলাকায় গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, এক বছর আগে ধার-দেনা করে তিনি মেয়ের বিয়ে দিয়েছিলেন। যার ফলে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তাই ধার দেনা শোধ করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

