অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৭ এপ্রিল: প্রচন্ড গরমে ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি গ্রাম পঞ্চায়েতে বুধবার স্বাস্থ্য সাথীর ক্যাম্পে এসে অসুস্থ হলেন ভোলানাথ মাহাতো নামে এক ব্যক্তি। তার বাড়ি স্থানীয় শিমলী এলাকায়। আগুইবনি উপস্বাস্থ্য কেন্দ্রে তাকে চিকিৎসার জন্য আনা হয়। এই ঘটনার পরে স্বাস্থ্য সাথী কার্ড করার জন্য ক্যাম্পে আসা মানুষরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রচন্ড গরমের মধ্যেও বুধবার ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন গ্রামবাসীরা স্বাস্থ্য সাথী কার্ড করার জন্য। প্রচণ্ড গরমের ফলে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যায়।
যদিও আগুইবনি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড তৈরি করতে আসা মানুষদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। তবে ওই ক্যাম্পে এসে অনেকেই গরমে অসুস্থ বোধ করছেন বলে তারা জানান।

