আমাদের ভারত, ২৫ জুন: সব যদি ঠিক থাকে তাহলে ২০২৩-এর জানুয়ারিতেই বিশ্বের তাবড় ২০টি রাষ্ট্র প্রধানরা ভূস্বর্গে সমবেত হবেন। হ্যাঁ ২০২৩ সালের জি ২০ সম্মেলনের মতো বিরাট আন্তর্জাতিক সম্মেলন হতে চলেছে জম্মু-কাশ্মীরে। এই বিরাট আয়োজন করতে সামগ্রিক সমন্বয়ের জন্য বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
২০১৯ সালের আগস্টে সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করা হয়েছিল। সেইসঙ্গে পূর্ববর্তী রাজ্যকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত করা হয়েছিল। তার পর থেকে কেন জম্মু-কাশ্মীরের ইতিহাসে এই প্রথম এত বড় কোন আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হচ্ছে। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সমন্বয় কমিটির চেয়ারম্যান হবেন কেন্দ্রশাসিত অঞ্চলের আবাসন উন্নয়ন বিভাগের প্রধান সচিব। কমিটির অন্যান্য সদস্যরা হলেন পরিবহন ও পর্যটন আতিথিয়তা প্রটোকল এবং সাংস্কৃতিক বিভাগের প্রশাসনিক সচিবরা। জম্মু-কাশ্মীরের মুখ্য সচিব এবং আবাসন নগর উন্নয়ন বিভাগের মুখ্যসচিবকে শীর্ষ সম্মেলনের আয়োজনে কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে নোডাল অফিসার হিসেবে মনোনীত করা হয়েছে।
১৯৯৯ সালে জি-২০ গঠিত হয়। বিশ্বের শীর্ষ স্থানীয় অর্থনীতির ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এই গোষ্ঠীর সদস্য। গোটা বিশ্বের জিডিপি ৮০ শতাংশেরও বেশি এবং বিশ্ব বাণিজ্যের ৭৫% নিয়ন্ত্রণ করে এই গোষ্ঠী। বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশ এই গোষ্ঠীর সদস্য দেশগুলির নাগরিক। ভারত প্রথম থেকেই শক্তিশালী অর্থনৈতিক গোষ্ঠীর সদস্য।
বিদেশমন্ত্রক আগেই জানিয়েছিল ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ভারত এই গোষ্ঠীর সভাপতিত্ব করবেন এবং ২০২৩ সালে প্রথমবারের জি-২০ রাষ্ট্রনেতাদের শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযুষ গোয়েলকে গোষ্ঠীর জন্য ভারতের সেরপা নিযুক্ত করা হয়।
কাশ্মীর উপত্যকার বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর, বলেছেন জি ২০ সম্মেলন কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য তো বটেই সমগ্র দেশের জন্য একটি গর্বের মুহূর্ত। আগে এই সব বিদেশেই হতো। এখন এখানেও হচ্ছে। ফ্রান্স ব্রিটেন জার্মানির মতো শক্তিশালী দেশের সদস্যরা ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করবে। জম্মু-কাশ্মীরের জন্য এটা একটা গর্বের মুহূর্ত। আর প্রমাণিত হল প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরের উন্নয়নে কাজ করছেন। ৩৭০ ধারা বাতিলের পর উপত্যকার মাটিতে বড় পরিবর্তন হয়েছে। এই শীর্ষ সম্মেলন এখানে অনুষ্ঠিত হবে কেউ স্বপ্নেও ভাবতে পেরেছিল?”

