স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ জুন: কোচবিহার জেলার এক তাঁত শ্রমিকের গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুরের ফুলিয়া এলাকার।
জানাগেছে, মৃত শ্রমিকের নাম লক্ষ্মণ সূত্রধর। বাড়ি কোচবিহার জেলায়। গতকাল সকালে ওই তাঁত শ্রমিক কোচবিহার থেকে শান্তিপুরের ফুলিয়ার একটি বাড়িতে তাঁত বুনতে এসেছিল। এরপর খাওয়া-দাওয়া করে বিকেলে মদ্যপান করে ওই বাড়িতে ঢোকে। আবার রাতে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়ে ওই তাঁত শ্রমিক। মাঝরাতে পরিবারের লোকজন লক্ষ্য করে তাঁত ঘরের পাশের একটি বারান্দায় ওই ব্যক্তি ঝুলন্ত অবস্থায় রয়েছে। ফোন করে শান্তিপুর থানায় জানানো হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়।
পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। যদিও কোচবিহার জেলা থেকে শান্তিপুরের ফুলিয়া এলাকায় তাঁত বুনতে এসে কেন ওই ব্যক্তি আত্মঘাতী হল, তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

