“প্রশাসনের দায়িত্ব সামলাচ্ছেন এরকম নেতা দলের কোনো পদে থাকবেন না,” বললেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৮ সেপ্টেম্বর: ‘ওয়ান ম্যান, ওয়ান পোস্ট’ এই নীতিতে হাঁটতে চলছে জলপাইগুড়ি জেলা তৃণমূল। রবিবার জেলা কমিটির সব কয়টি শাখা সংগঠনের সঙ্গে বৈঠক করল জেলা তৃণমূলের কোর কমিটি। রাজ্যের নির্দেশে বৈঠক করা হয় বলে জানালেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ।

এ দিন শহরের বাবু পাড়ার জেলা তৃণমূলের কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, আইএনটিটিইউসির সভাপতি রাজেশ লাকরা, দলের মুখ্যপাত্র দুলাল দেবনাথ এছাড়া বিভিন্ন শাখা সংগঠনের নেতা কর্মীরা।

মহুয়া দেবী বলেন, “রাজ্যের নির্দেশে দলের নতুন কমিটি গঠন করার আগে বর্ধিত সভা হল। প্রশাসনের দায়িত্ব সামলাচ্ছেন এরকম কোনো নেতা দলের কোনো পদে থাকবেন না, এই নির্দেশ রাজ্যের। গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকা দলের নেতা দলের কোনো পদে থাকতে পারবেন না। অন্যদিকে যুব সংগঠনের বয়স ৪০ ও ছাত্র সংগঠনের বয়স ৩০ বেঁধে দেওয়া হয়েছে। আমরা জেলা কমিটির নাম রাজ্যকে পাঠাবো। তারপর রাজ্য তালিকা থেকে কারও নাম বাদ দিতে পারে। তারপর রাজ্য কমিটির নির্দেশে জেলা কমিটি ঘোষণা করা হবে।”

অন্যদিকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া দেবী বিজেপিকে আক্রমণ করে বলেন, ইডি ও সিবিআই দিয়ে বিজেপি যতই তৃণমূলকে আক্রমণ করুক গ্রেফতার করুক। তাতেও তাদের সেগুরে বালি হবে। কারণ বিধানসভা ভোটে মানুষ জবাব দিয়েছেন। সামনের ভোটেও সঠিক জবাব পাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *