জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ মার্চ: ইলিশের দেখা মেলে বর্ষাকালে, অথচ বসন্তকালে দিঘা মোহনায় মৎস্যজীবীদের জালে ধরা পড়লো পেল্লাই সাইজের প্রচুর পরিমাণ ইলিশ। অসময়ে প্রচুর পরিমাণ ইলিশের আমদানিতে খুশি মৎস্যজীবীরা। কয়েক দিন ধরেই দিঘা মহোনার মৎস্যজীবীদের জালে ঝাঁকে ঝাঁকেই ধরা দিচ্ছে পেল্লাই সাইজের ইলিশ। দোল উৎসবের ছুটি কাটাতে আসা পর্যটকরাও মাছের আড়তে ভিড় করেছেন ইলিশ কেনার জন্য। অসময়ের ইলিশ হলেও দাম নাগালের মধ্যে রয়েছে।
১ কেজি ওজনের ইলিশ সাতশো টাকায়, ৬০০-৮০০ গ্রাম সাইজের ইলিশ পাঁচশো টাকায়,১৫০০ গ্রাম সাইজের ইলিশ হাজার টাকা, ২ দু কেজি ওজনের দেড় হাজার টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে।

ইলিশের আড়ত দিঘা মোহনা ও নেহেরু মার্কেটে অনেকেই ভিড় করেছেন মাছ কেনার জন্য। দিঘা মোহনার মৎস্যজীবীরা জানান, বসন্তকালে সচরাচর ইলিশের দেখা মেলে না। এবার অসময়ে ইলিশ ধরা পড়তে অনেকেই খুশি। প্রতিদিন একেকটি ফিশিং বোটে দুই থেকে তিন কুইন্টাল মাছ ধরা পড়ছে। মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে কয়েকদিন ধরে ৪০০ থেকে ৫০০কুইন্টাল ইলিশ নিলাম হচ্ছে।

