তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বেলদায়, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। এলাকায় মোতায়ন হলো বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে নারায়ণগড় ব্লকের বেলদা থানার তুতরাঙ্গা অঞ্চলে।

ঘটনায় জানা যায়, পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী সোমবার নারায়ণগড় ব্লকের বেলদা থানার তুতরাঙ্গাতে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বিভিন্ন দাবি দাবা নিয়ে ডেপুটেশন দিতে যায় বিজেপি নেতা কর্মী ও সমর্থকরা। বিজেপির অভিযোগ, এই সময় প্রধান পূর্বপরিকল্পিতভাবে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল দুষ্কৃতীদের দিয়ে পাথর ছুড়ে তাদের এই ডেপুটেশন বানচাল করতে চাইছিল। পাল্টা তৃণমূলের অভিযোগ, এলাকায় বেশ কয়েকটি পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও সারাবছর কোনো ধরনের কাজ তারা করছেন না। এমনকি কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে তারা।

অপরদিকে রাজ্য সরকারের ভাতা বসে বসে নিচ্ছেন তারা। অভিযোগ পাল্টা অভিযোগ এবং ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ তৈরি হওয়ায় সেখানে মোতায়েন থাকা বিশাল পুলিশ বাহিনী তা নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *