আমাদের ভারত, মালদা, ২০ জানুয়ারি: ভুট্টার জমি থেকে বিপুল পরিমাণ তাজা কৌটো বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের মালতিপুরে। ঘটনস্থলে বোম স্কোয়াড টিম থেকে শুরু করে চাঁচোল থানার পুলিশ।
বৃহস্পতিবার মালদহের চাঁচোল ২নং ব্লকের শান্তিপাড়া গ্রামের একটি ভুট্টার জমিতে দুটি ব্যাগ ভর্তি তাজা কৌটো বোমাগুলি উদ্ধার হয়। ঘটনার তদন্তে চাঁচোল থানার পুলিশ।

জানা যায়, এদিন দুপুরে মাঠে কৃষকরা কাজে গেলে ওই ভুট্টার জমিতে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় চাঁচোল থানায়। চাঁচোল থানার পুলিশ ঘটনাস্থলে এসে খবর দেয় মালদা বম্ব স্কোয়াড টিমকে। টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলিকে উদ্ধার করে সেখানেই ফাটিয়ে নিষ্ক্রিয় করে। যদিও ওই মাঠে বিপুল সংখ্যক তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।

