আমাদের ভারত, কলকাতা, ৬ অক্টোবর: পুজো দেখতে কলকাতায় আসা কেরলের এক পরিবার স্বস্তি পেলেন পুলিশি সক্রিয়তায়।
বৃহস্পতিবার কলকাতা পুলিশের ফেসবুক পেজে একথা জানিয়ে এদিন লেখা হয়েছে, “দুর্গাপূজা দেখতে কেরালার ত্রিশূর জেলা থেকে সপরিবারে কলকাতায় এসেছেন মনোজ। আজ দুপুর ২.২০ নাগাদ চারু মার্কেট থানায় উপস্থিত হয়ে তিনি জানান, এলগিন রোডে অবস্থিত নেতাজি ভবনের কাছে অ্যাপ ক্যাব থেকে নামার সময় নিজের মোবাইল গাড়িতে ফেলে আসেন তিনি। ভুল বুঝতে পেরে সেই ক্যাবের সন্ধান করার বৃথা চেষ্টাও করেন মনোজ এবং নিজের মোবাইলে ফোন করে জানতে পারেন, ফোন সুইচ অফ করা আছে। অচেনা শহরে আর কী করবেন ঠিক করতে না পেরে স্বপরিবারেই চারু মার্কেট থানায় হাজির হন তিনি।
সময় নষ্ট না করে চারু মার্কেট থানার ওসি ইনস্পেকটর সুভাষ অধিকারীর নির্দেশে মোবাইল উদ্ধারের কাজে লেগে পড়েন ডিউটি অফিসার সার্জেন্ট শুভদীপ মুখার্জি। বেশ কিছুক্ষণ খোঁজখবর চালিয়ে অবশেষে সন্ধান পান ক্যাবের চালক সুরজ চৌধুরীর। চালককে গাড়ির ভেতর থেকে ফোন খুঁজে বের করতে বললে প্রথমে তিনি জানান, কোনও ফোন গাড়িতে নেই। তারপর অবশ্য তিনি বলেন, ম্যাটের তলায় পাওয়া গিয়েছে ফোন। অবিলম্বে সেটি থানায় জমা দিয়ে যেতে বলা হয় তাঁকে, এবং যথাবিহিত আইনি প্রক্রিয়ার পর মোবাইল তুলে দেওয়া হয়েছে তার মালিকের হাতে।”

