পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: একটি হায়নাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা এলাকায়।
জানা গিয়েছে, কয়েক দিন ধরেই বেশ কয়েকটি হায়না ওই এলাকার জঙ্গলে ডেরা বাঁধে। মাঝেমধ্যে খাবারের খোঁজে লোকালয়ে চলে আসতো এবং সেই সময় গ্রামবাসীদের তাড়া করতো। আর যার জন্য আতঙ্কে ছিলেন গ্রামের মানুষজন। যদিও কারও কোনো ক্ষতি হয়নি বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

শনিবার দুপুরে একটি হায়না ওই মুড়াকাটা এলাকায় গ্রামে ঢুকে পড়ে। সেই সময় গ্রামবাসীদের একাংশ তাকে দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়। বিষয়টা চারিদিকে ছড়িয়ে যেতেই গ্রামের একদল যুবক হায়নাটিকে মেরে ফেলতে উদ্যোগী হয়। এদিক ওদিক ছুটিয়ে, আঘাত করে হায়নাটিকে মেরে ফেলে বলে অভিযোগ। তার মাথা থেঁতলে দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেদিনীপুর রেঞ্জের বনকর্মীরা। মৃত হায়নাটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিভাবে হায়নাটির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যদি হায়নাটিকে পিটিয়ে মারা হয় এবং তার সঙ্গে কারা জড়িত তাদের খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

