স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ জুলাই: সাতসকালে পাড়ার মাঝে মোটরসাইকেল চেপে আসা মুখে মাস্ক লাগানো অজ্ঞাত পরিচয় দুই যুবক বন্দুক দেখিয়ে গৃহবধূর গলার হার ও কানের দুল ছিনিয়ে নিয়ে বেপাত্তা। নদিয়ার শান্তিপুরের ঘটনা।

শান্তিপুর শহরের শ্যামবাজার এলাকায় সকাল ন’টা নাগাদ পাড়ার মোড়ে মোটর সাইকেলে আসা, মুখে মাস্ক লাগানো ২ যুবক বন্দুক দেখিয়ে দাঁড় করায় এক মাঝ বয়সী মহিলাকে। এরপর প্রাণ বাঁচাতে ওই গৃহবধূ তার গলার রুপোর হার এবং কানের সোনার দুল খুলে দেয় তাদের কথামত।

ওই গৃহবধূর নাম রিতা দত্ত, দত্তপাড়া কলোনীর বাসিন্দা। দীর্ঘদিন ধরে শ্যামবাজারে পিন্টু প্রামাণিকের বাড়িতে রান্নার কাজ করে সে। আজ পিন্টুবাবু বাড়িতে না থাকার কারণে সে চাল আনতে যায় পাড়ারই পাশের দোকানে। দোকান বন্ধ দেখে ফিরে আসার সময় আকস্মিক ঘটে এই ঘটনা। রিতা দত্ত বলেন, দীর্ঘদিন যাতায়াত করছি কোনোদিন এ ধরনের ঘটনা ঘটেনি। নিমেষের মধ্যে উধাও হয়ে গেল ছেলে দুটি। হাতের আংটি পায়ের তোড়া এগুলো হয়তো দেখতে পায়নি। বন্দুকের ভয়ে চেঁচামেচি করতে পারিনি, তারা চলে যাবার সাথে সাথেই, পাশাপাশি মানুষজনকে বিষয়টি জানাই। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি সিসি ক্যামেরা না থাকলেও কোন রাস্তা দিয়ে এসেছে এবং কোন রাস্তায় গেছে তা ওই মহিলার মুখ থেকে শুনে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। সকালবেলায় এ ধরনের ঘটনায় স্তম্ভিত এলাকাবাসীরাও।

