দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হল এক গৃহবধুর, তদন্তে হাঁসখালি থানার পুলিশ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ জুলাই: বাড়ির সামনেই এক গৃহবধূকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। নিহত ওই গৃহবধূর বয়স ২৭ বছর। খুনের কারণ এখনো পুলিশ জানতে পারেনি। ঘটনাটি ঘটে নদিয়ার হাঁসখালি থানার বগুলা কৈখালী বটতলা গ্রামে।

গতকাল রাতে বাড়ির সামনেই ওই গৃহবধূকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাড়াতাড়ি ওই গৃহবধূকে বগুলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই গৃহবধূর ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ঐ গৃহবধূর নাম সুজাতা বিশ্বাস, বয়স আনুমানিক ২৭ বছর। হাঁসখালি থানার বয়রাডিঙ্গি এলাকায় এক যুবকের সাথে বিয়ে হয় সুজাতার। বিয়ের পর থেকেই সংসারে অশান্তির কারণে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্সের মামলা চলছিল। এর পর থেকেই সুজাতা হাঁসখালি থানার বগুলা কৈখালী বটতলায় তার বাবার বাড়িতেই থাকতেন। এই ঘটনার পর স্বামী পলাতক বলে জানা যায়।

এই গৃহবধূর উপর গুলি চালানোর ঘটনায় শ্বশুর বাড়ির লোকজনের হাত রয়েছে, না কি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য ? জানতে তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *