সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৮ জানুয়ারি: টিউবওয়েলের জল নেওয়ার কারণে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে। ওই গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বাবুপাড়া এলাকায়। অভিযোগ, সরকারি টিউবওয়েলের জল নেওয়ার কারণে মারধর করা হয়। এই ঘটনা থানায় অভিযোগ জানানোর পর ফের তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়েগিয়ে মারধর করে প্রতিবেশী শ্যামল বৈরাগী ও তাঁর স্ত্রী।
স্থানীয় সূত্রের খবর, এলাকার ত্রাস শ্যামল বৈরাগী। পেশায় হেরোইন ও গাঁজা বিক্রেতা বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এলাকায় দাদাগিরি করে তোলা আদায় করা সহ এলাকার মানুষের উপরে অত্যাচার করাই একমাত্র কাজ শ্যমলের। শুক্রবার সকালে গৃহবধূ ঝর্ণা সর্দার এলাকার টিউবওয়েলের জল নিতে গেলে শ্যামলের স্ত্রী বাধা দেয়। প্রতিবাদ করতে গেলে দুজনের মধ্যে বচসা বাঁধে। এরপর চিৎকার শুনে শ্যামল ছুটে এসে ওই গৃহবধূকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঝর্ণাদেবী ঘটনার কথা প্রতিবেশী মহিলাদের জানান। তাঁদের পরামর্শে ঘটনার কথা বনগাঁ থানায় লিখিত অভিযোগ করেন।
ঘটনার কথা জানাজনি হতেই শ্যামল ও তাঁর স্ত্রী ঝর্ণাকে বাড়ি থেকে ডেকে রাস্তায় ফেলে ফের বেধড়ক মারধর করে। তাঁর বুকে ও পেটে লাথি মারে শ্যামল। এরপর তাঁকে উদ্ধার করে প্রতিবেশী মহিলারা ঝর্নাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক।
প্রত্যক্ষদর্শীদের দাবি যাদের বিরুদ্ধে অভিযোগ এর আগেও তারা এলাকায় ব্যাপক অত্যাচার করে। প্রতিবাদ করতে গেলে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয়। পাশাপাশি তারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত।

