শিশুপুত্র-সহ মেদিনীপুরে অগ্নিদগ্ধ এক গৃহবধূ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ মার্চ: রহস্যজনক অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেন এক গৃহবধূ ও তার দু’বছরের পুত্র সন্তান। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানা এলাকার ছেড়ুয়া গ্রামে। এদিন রাত ন’টা নাগাদ ওই গৃহবধূ রোকসানা বিবি ও তার শিশুপুত্র অগ্নিদগ্ধ হন।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্ত্রী রোকসানার উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে স্বামী শেখ কাশিরউদ্দিন। নির্যাতিতার অভিযোগ, এর আগে স্বামীর বিরুদ্ধে মহিলা কমিশনে এবং পঞ্চায়েতে একাধিকবার অভিযোগ জানানো হলেও সেভাবে কেউই কোনো রকম ব্যবস্থা নেয়নি।

রোকসানার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, রোকসানা বিবির গায়ে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করেন তার স্বামী কাশির উদ্দিন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *