পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: বাড়ির লোকজন গিয়েছিল বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে। কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ি থেকে সব কিছু চুরি করে নিয়ে গেল চোরের দল। এমনকি ফ্রিজ থেকে জল, মিষ্টি, চকলেট বের করে খেয়ে তা চারিদিকে ছড়িয়েও রাখে তারা। মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের তোলপাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

নীলকমল অট্ট ও প্রণতি অট্ট সহ বাড়ির লোকজন গিয়েছিল বসন্তপুর এলাকায় বিয়ে বাড়িতে। বাড়িতে কেউ না থাকায় বাড়ি তালা বন্ধ ছিল। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল চুরি করে নিয়ে গিয়েছে বাড়ির সমস্ত জিনিসপত্র। বাদ যায়নি মুদিখানা ও বাজার সামগ্রীও। প্যাকেট তেল থেকে শুরু করে পোস্ত সহ বাড়ির দামি জিনিসপত্র সবই নিয়ে গেছে চোরের দল।

প্রণতি অট্ট- এর কথায় একরকম বাড়িতে সারারাত ধরে বসে থেকে, ফ্রিজ থেকে মিষ্টি বের করে, জল, চকলেট খেয়ে বাড়িতে চুরি করেছে চোরের দল। রবিবার সকালে বাড়ির লোকজন বাড়ি ফিরে দেখে বাড়ি ফাঁকা। জানলার গ্রিল ভেঙ্গে বাড়ির ভেতরে ঢুকেছিল চোরেরা, তারপর বাড়ির সোনাদানা থেকে, টাকা পয়সা যাবতীয় জিনিস নিয়ে পালিয়েছে তারা। ইতিমধ্যেই পুরো বিষয় নিয়ে থানায় জানানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

