জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: দীর্ঘদিন রোদ জল উপেক্ষা করে নারায়ণগড়ে রাস্তার ধারে বসে থাকা জিনা মাঝি স্থানীয় একদল যুবকের প্রচেষ্টায় মাথার উপর অস্থায়ী ছাউনি পেলেন। দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের ধারে খোলা আকাশের নীচে দিনযাপন করতেন তিনি। স্থানীয়রা খাবার দিলেও অসুস্থ জিনা রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করেই খোলা আকাশের নীচেই বসে থাকত।

গতবছর লকডাউনের সময় থেকে এটাই ছিল জিনার জীবন। ইঁট ভাটায় কাজ করা বিহারের কসরা গ্রামের বাসিন্দা জিনা কীভাবে নারায়ণগড়ে পৌঁছালেন তা জানা নেই তারও। তার এই দুদর্শা সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হওয়ার পর স্থানীয়রা উদ্যোগী হয়ে রাস্তার ধারে একটি অস্থায়ী ছাউনি বানিয়ে দেয় তাকে। রোদ বৃষ্টি থেকে আপাতত স্বস্তি পেল জিনা। তবে জিনা মাথার উপরে ছাদ নয়, বাড়ি ফিরতে চায় সে, ফিরে পেতে চায় পরিবারকে, এই দাবি টুকু জানাতে ভোলেনি সে। কারোর সহায়তা পেলে জিনা ফিরতে পারবে তাঁর পরিবারে। আপাতত সেই আশায় বুক বাঁধছে বিহারের করা গ্রামের বাসিন্দা জিনা মাঝি।

