স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ মার্চ: কালিয়াগঞ্জে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমেন রায়কে পরিবর্তন করে স্থানীয় কোনও ব্যক্তিকে প্রার্থী করার দাবিতে একদল বিজেপি কর্মী শহরের সুকান্ত মোড়ে আমরন অনশন কর্মসূচি পালন করে। বিজেপির পক্ষ থেকে এই আসনে ফালাকাটার বাসিন্দা সৌমেন রায় নামে এক ব্যক্তিকে প্রার্থী করা হয়। এরপর থেকেই প্রার্থী বদলের দাবি উঠতে থাকে। বিক্ষুব্ধ কর্মীরা একাধিকবার এই দাবিতে রাস্তা অবরোধ থেকে শুরু করে বিক্ষোভ মিছিল করে। এরই মধ্যে প্রার্থীর স্ত্রী তার স্বামীর স্বভাব ও চরিত্রের প্রতি অভিযোগ তুলে ভিডিও ভাইরাল করে। প্রার্থী নিজের কেন্দ্রে ঢোকার চেষ্টা করাতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখানোর পাশাপাশি তার গাড়ি ভাঙ্গচুর করে। বিজেপির জেলা কার্যালয়ে একাধিকবার বিক্ষোভ দেখানো হয়। এদিন এই বিক্ষোভ আরও বৃদ্ধি পায়। এদিন একদল বিজেপি কর্মী শহরের সুকান্ত মোড়ে প্রার্থী বদলের দাবিতে আমরণ অনশণ শুরু করে।

কালিয়াগঞ্জের বিজেপি কনভেনার রানা প্রতাপ ঘোষ জানিয়েছেন, কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী স্থানীয় কোনও ব্যক্তিকে করার দাবিতে অনশন শুরু করা হয়। আগামীতে আমাদের দাবি মানা না হলে আলোচনা করে বৃহত্তর আন্দোলনের নামার হুমকি দিয়েছেন তিনি।


