স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ আগস্ট: টিভি দেখানোর প্রলোভন দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অধীন কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কসবা মহেশো এলাকায়।

এ বিষয়ে শনিবার কর্ণজোড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতার পরিবার। পুলিশ ও পরিবার সূত্রের খবর, কসবার মহেশোর বাসিন্দা বছর দশেকের ঐ বালিকা শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। সেই সময় ভরত মহন্ত নামে প্রতিবেশী এক ব্যক্তি তাকে প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরে কোনোরকমে মেয়েটি পালিয়ে বাড়ি আসে।
ঘটনার কথা চাউর হতেই অভিযুক্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন পরিবার ও প্রতিবেশীরা। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন সকলেই। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

