স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৮ ফেব্রুয়ারি: বাবার গুলিতে মৃত চার বছরের এক শিশুর। এমনই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের ঝিটকিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে এলাকার বাসিন্দারা নিয়ে আসার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক পিতা পলাতক।
পরিবার সুত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সাহিল শেখ (৪)। অভিযোগ, রাতে ছেলেকে মাথায় গুলি করে তার বাবা নাস্তার আলি। মৃত শিশুর মামা শামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, বিয়ের পর থেকেই নানাভাবে স্ত্রীর সঙ্গে বিবাদ লেগে থাকত নাস্তারের। কিছুদিন ধরেই তা চরমে ওঠে। এদিকে আজ মদ্যপ অবস্থায় নাস্তার আলি তার ছেলেকে খুন করে। সে আরও জানিয়েছে, ওই শিশুর মাকে বিয়ের পর থেকেই মাঝে মধ্যেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত সে। টাকা আনতে রাজি না হলে তাকে খুনের হুমকি দিতো তার স্বামী নাস্তার আলি। এদিনও বাপের বাড়ি থেকে টাকা আনার ব্যাপারে গন্ডগোলকে কেন্দ্র করেই স্ত্রীকে খুন করতে গিয়েই নিজের শিশুকে খুন করেছে নাস্তার। এদিকে রাতে গুরুতর যখম শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। মৃতদেহটি রায়গঞ্জ মেডিকেলের মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিশুর বাবা নাস্তার আলি পলাতক।

