আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ জুন: জলপাইগুড়ি সদর হাসপাতালের রোগীদের দেওয়া খাবারে কেঁচো পাওয়ার ঘটনায় নড়েচড়ে বসল জেলা স্বাস্থ্য দফতর। সোমবার জেলার ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক দু’ জনকে সঙ্গে রেখে চারজনের তদন্ত কমিটি গঠন করা হল। সেই কমিটি তিন দিনের মধ্যে এই ঘটনার তদন্ত সকলের সামনে তুলে ধরবেন। এছাড়া যে ঠিকাদার সংস্থা খাবার বিলির সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের চিঠি করা হয়েছে কারণ জানায় জন্য, বলে জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার।
শনিবার রাতে জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে রোগীদের খাবার দেওয়া হয়। সেই সময় এক রোগীর ভাতের সঙ্গে পেঁচিয়ে থাকা কেঁচো পাওয়া যায়। ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থূল কান্ড বেধে যায়। এরপর রোগীর পরিজনরা প্রতিবাদ ও বিক্ষোভ দেখায়। রবিবার অনেকে হাসপাতালের দেওয়া খাবার নেয়নি। এ দিনও হাসপাতালে রোগীর একাংশ পরিজন খাবার নেয়নি। কেউ বাড়ি থেকে, কেউবা দোকান থেকে খাবার কিনে রোগীকে খাবার দিলেন।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, “কিভাবে এমনটা হল কারণ জানার জন্য ঠিকাদার সংস্থাকে তলব করা হয়েছে। লিখিত চাওয়া হয়। ইতিমধ্যে ঘটনা খতিয়ে দেখতে চারজনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে জেলার দুই ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছেন। এছাড়া জেলা খাদ্য সুরক্ষা দতফতরের আধিকারিক আছেন।
সুপারকে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে। নিয়মিত খাবারে নজরদারি করা হচ্ছে। রোগীর পরিবার খাবার নিচ্ছেন না এরকম বিষয়টি দেখা হচ্ছে।”

