বাঁকুড়ায় এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সরে দাঁড়ালেও অনড় ভাইস চেয়ারম্যান নির্দল প্রতীকেই

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১২ ফেব্রুয়ারি: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাঁড়ালেন বাকুঁড়া পুরসভার ৯নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পার্থসারথি দে। অপরদিকে অনড় বিদায়ী বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের মুখপাত্র দিলীপ আগরওয়াল ৭ নং ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছেন।

দলীয় প্রতীক না পেয়ে দিলীপ বাবু ৭নং ওয়ার্ডে মনোনয়ন দাখিল করার পর তার উপর চাপ সৃষ্টি করা হয় মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য। শেষ মুহূর্তে দলীয় নির্দেশে তিনি লড়াই থেকে সরে দাঁড়াবেন এরকম একটি খবর হাওয়ায় ভাসছিল। অনেকেই ভেবেছিলেন খবরটা সত্যি হলেও হতে পারে, কেন না স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জেলার দুই প্রবীন নেতা তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের মৃত্যুর পর তাদের সম্মান জানাতে প্রয়াত দুই নেতার পরিবারের সদস্যদের প্রার্থী করা হবে। সেই মতো ৪নংওয়ার্ডে প্রয়াত দেবপ্রসাদ কুন্ডু(তারা) -র অকাল বিধবা পুত্রবধূকে এবং ৭নং ওয়ার্ডে শান্তি সিংহের পুত্র বিশ্বনাথ সিংহকে দল মনোনয়ন দেয়। এদিকে দিলীপবাবু দলীয় টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ৭নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ
দিনেও দিলীপবাবু অনড়।তিনি বলেন, দল আমাকে টিকিট দেয়নি, কিন্তু আমি জনগণের কাছে দায়বদ্ধ।সেই কারণে তিনি লড়াইয়ে নেমেছেন এবং জেতার ব্যপারে দুশো শতাংশ নিশ্চিত। তিনি বলেন, মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকেই বিভিন্ন ভাবে তার উপর চাপ আসছিল, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল।

অপরদিকে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে দুই কংগ্রেস প্রার্থী ও তিনজন নির্দল প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।কংগ্রেস প্রার্থী পার্থ সারথি দে ছাড়া ১৭নং ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী টুম্পা বাউড়ি নাম প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে ২৪ সদস্যের বাকুঁড়া পুরভোটে কংগ্রেসের ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।বাকুঁড়া পুরভোটে মোট প্রার্থী সংখ্যা ৯৬ থেকে কমে দাঁড়ালো ৯১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *