সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ নভেম্বর: গভীর রাতে আগুনে পুড়ে ভস্মীভূত একটি গুদামের সামগ্রী। রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার কুড়িরমাঠ এলাকায়। বাড়ির ভেতরেই একটি গুদামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি জানতে পেরে দমকল বিভাগে খবর দিলে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কুড়ির মাঠ এলাকার একটি দোতলা বাড়ির নিচের গুদামে কাগজের পেটি রাখা ছিল। এদিন রাত বারোটা নাগাদ ওই গুদামের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন বাড়ির লোকেরা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় স্থানীয় কাউন্সিলর অমিতাভ দাসকে। তিনিই দমকল বিভাগের সঙ্গে যোগাযোগ করলে কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন দমকল বিভাগের কর্মীরা। এরপর গুদামের দরজার তালা ভেঙ্গে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আসে।

এদিনের অগ্নিকান্ডে ওই গুদামে থাকা কাগজের পেটির অনেকগুলিই ক্ষতিগ্রস্থ হয়েছে। দমকল বিভাগের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে না পৌঁছালে আরও বড় ধরনের ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

