নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ নভেম্বর:
অমিত শাহর বঙ্গ সফরের কয়েক ঘণ্টা আগেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপির। রাজ্য যুবমোর্চার সহ-সভাপতি শঙ্কুদেব পান্ডা এই দাবি জানান। রাজ্য বিজেপির সদর দপ্তর থেকে যুব মোর্চার মিছিল করা নিয়ে পুলিশের সাথে বচসা হয় যুবমোর্চার কর্মীদের। সেই সময়ই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি শাসনের দাবি জানান শঙ্কুদেব পান্ডা।

রাজ্যে যুব মোর্চার কর্মীরা খুন হচ্ছেন। এমন অভিযোগ তুলে রাজ্য বিজেপি সদর দপ্তর থেকে গান্ধী মূর্তি পর্যন্ত একটি মিছিলের আয়োজন করে যুবমোর্চা। মিছিল করার জন্য যুবমোর্চার কর্মীরা তিনটের পর থেকেই রাজ্য বিজেপির সদর দপ্তরে জমায়েত হন। তারপরেই মিছিল করে যুবমোর্চার কর্মীরা সেন্ট্রাল এভিনিউতে উঠতেই পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ ব্যারিকেড করে যুব মোর্চার কর্মীদের মিছিল আটকায়। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। ব্যারিকেড ভেঙ্গে বিজেপি কর্মীরা সেন্ট্রাল এভিনিউয়ের দিকে এগোতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। কয়েকজন যুবমোর্চার নেতা কর্মীকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। সেই প্রসঙ্গে যুবমোর্চার রাজ্য সহ-সভাপতি শঙ্কুদেব পান্ডা বলেন, রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। পুলিশ দুপুরের পর থেকেই বিজেপি অফিস ঘিরে রেখেছিল। গণতন্ত্রে যা হয় না বলেই জানিয়েছেন শঙ্কুদেব পান্ডা।

অন্যদিকে রাজ্য যুব মোর্চার আরেক সহ-সভাপতি তাপস ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতোই পুলিশ যুব মোর্চাকে কোনও কর্মসূচি করতে দিচ্ছে না। পুলিশ যুবমোর্চার কর্মীদের যত আটকাবে আমরা কর্মসূচি গ্রহণ করবো বলে জানিয়েছেন তাপস ঘোষ।

