পুরুলিয়ায় এক আছাড়ে দু’মাসের পুত্র সন্তানের প্রাণ কাড়ল বাবা

সাথী দাস, পুরুলিয়া, ৬ আগস্ট: দু’মাসের পুত্র সন্তানকে আছড়ে ফেলে প্রাণ কাড়ল বাবা। সদ্য পুত্র হারা মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি পুরুলিয়া জেলার টামনা থানার ডুড়কু গ্রামের।

বৃহস্পতিবার বিকেলে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি হয়। তখনই উত্তেজিত অবস্থায় দু’মাসের নিজের ছেলেকেই ‘সফট টার্গেট’ করে যুবক সাগর রুইদাস। নির্মমভাবে আছাড় মারে শিশুটিকে। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে অচৈতন্য হয়ে পড়ে নিষ্পাপ শিশুটি। তখনই তাকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় প্রাণ হারায় শিশুটি। শুক্রবার রাতে সদ্য পুত্র হারা গঙ্গা রুইদাস পরিজনদের নিয়ে টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক। ঘটনার প্রত্যক্ষদর্শী গঙ্গার জবানবন্দি নেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

নির্মম এই পাশবিক হত্যার নিন্দা করেন গ্রামবাসীরা। অভিযুক্তের পরিজনরাও বিষয়টিকে ভালো চোখে দেখেননি। তারাও অভিযুক্তের শাস্তির দাবি জানান। তারা জানান, দেড় বছর আগে বলরামপুরের ছোটগাদো গ্রামের গঙ্গার সঙ্গে ওই যুবকের বিয়ে হয়। দু’মাস আগে তাদের পুত্র সন্তান হয়। ওই যুবক তেমন কোনও উপার্জন করত না। ফলে সংসারে আর্থিক অনটন দেখা দেয়। সেই থেকে নিত্য দিনের অশান্তি ছিল ওই পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *