সাথী দাস, পুরুলিয়া, ১২ মার্চ: সব্জি নিয়ে বাজার যাওয়ার পথে গুলিবিদ্ধ হলেন এক কৃষক। আজ সকালে ঘটনাটি বাঘমুন্ডি থানার অন্তর্গত তুন্তুরী থেকে সেরেংডি যাওয়ার পথে স্থানীয় রাধুর বাঁধ নামে পুকুরের কাছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুইসা ফাঁড়ির পুলিশ।
জানা গিয়েছে, সকালে সেরেংডি অঞ্চলের রথটাঁড় গ্রামের বাসিন্দা পেশায় কৃষক কৃষ্ণ কুমার(৫৭) সব্জি বিক্রি করতে সকালে সুইসা নেতাজি সুভাষ মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাওয়ার পথে তুন্তুরি গ্রামের কাছাকাছি রাধুর বাঁধের সামনে কে বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি লাগে কৃষ্ণবাবুর ঘাড়ের বাঁদিকে। রক্তাক্ত অবস্থায় পড়ে যান ওই কৃষক। স্থানীয়রা ছুটে আসেন সেখানে। তড়িঘড়ি ঘটনা স্থলে পৌছয় সুইসা ফাঁড়ির পুলিশ। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

রক্তাক্ত অবস্থায় আহত ওই কৃষক জানান, “জমি সংক্রান্ত মামলায় পরাজয় বুঝতে পেরেই বিরোধী মামলাকারি হামলা করতে পারে। তবে, মুখোমুখি গুলি চালালেও ওই দুষ্কৃতীরা অপরিচিত।”
পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান জমি সংক্রান্ত বিবাদে জেরে এই কান্ড ঘটছে। তবে এই ঘটনা কারা ঘটিয়েছে তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ।
পরে আহত ওই কৃষককে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

