আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩০ আগস্ট: ধূপগুড়ির সুরেশ দে স্মৃতি মার্কেট কমপ্লেক্সে দোকান না পেয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সামনে ধর্ণায় বসল এক পরিবার। দীর্ঘদিন ধরে ব্যবসা করার পরেও নতুন করে তৈরি করা মার্কেট কমপ্লেক্সে জায়গা পায়নি ধূপগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ মোহন্ত বলে অভিযোগ। মঙ্গলবার তার পরিবারকে সঙ্গে নিয়ে ব্যানার হাতে দোকান ফিরিয়ে দেওয়ার দাবিতে ধর্ণায় বসলেন তিনি। দোকান না পেলে আত্মহত্যা করার হুমকি দেন বিশ্বজিৎ।
জানা গিয়েছে, বিশ্বজিতের প্রয়াত বাবা মুরারি মোহন্ত প্রায় পঞ্চাশ বছর থেকে সুরেশ দে স্মৃতি মার্কেট কমপ্লেক্সে ব্যবসা করেছিল। তারপর সেই জায়গায় ছেলে বিশ্বজিৎ দোকান করছেন। নতুন করে সেই মার্কেট কমপ্লেক্স তৈরি করেছে জেলা পরিষদ, দোকান বন্টনের দ্বায়িত্বে রয়েছে পুরসভা। কিন্তু সকলে দোকান পেলেও বিশ্বজিতকে দোকান দেওয়া হয়নি বলে অভিযোগ। দিন কয়েক আগে ধূপগুড়িতে ধর্ণায় বসে বিশ্বজিৎ, কিন্তু কাজ না হওয়ায় এ দিন জেলা পরিষদের সামনে ধর্ণায় বসলেন বিশ্বজিৎ। তার সঙ্গে ছিলেন ছেলে ও স্ত্রী।
বিশ্বজিৎ বলেন, “মার্কেট কমপ্লেক্স করার সময় বলা হয় দোকান দেওয়া হবে। কিন্তু এখনো সেই দোকান পাইনি। আমি আগেও বলেছি, আর এখনও বলছি দোকান না পেলে
আত্মহত্যা করব।” জেলা পরিষদের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

