মাওবাদীদের নামে ভুয়ো পোস্টারে পুরুলিয়ায় বিডিওকে খুনের হুমকি

সাথী দাস, পুরুলিয়া, ২৯ জুলাই: মানবাজার ১ নম্বর ব্লকের বিডিওকে খুনের হুমকি দিয়ে মাওবাদীদের নামে পোষ্টার উদ্ধার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উদ্বেগ প্রশাসনিক মহলেও। যদিও উদ্ধার হওয়া পোস্টারগুলি মাওবাদীদের দেওয়া কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

জানা গিয়েছে, আজ সকালে পুরুলিয়ার মানবাজার এলাকায় মানবাজার-বরাবাজার ও মানবাজার-বান্দোয়ান রাজ্য সড়কের ওপরে বিভিন্ন গাছে একাধিক পোস্টার দেখতে পান স্থানীয়রা। কোনওটি সাদা কাগজে লাল কালিতে লেখা। কোনওটি আবার গেরুয়া রঙের কাগজে লেখা। সেই কাগজের বয়ান সম্পূর্ণভাবে স্পষ্ট না হলেও বোঝা যাচ্ছে, সেখানে একটি লজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিডিও সেই লজটি খুলেছেন এমন দাবিও করা হয়েছে। পাশাপাশি সেই লজ বন্ধ না করা হলে বিডিও মোনাজকুমার পাহাড়িকে খুনের হুমকি দেওয়া হয়েছে। পোস্টারের নিচে লেখা ‘মাওবাদী’। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এটি আদৌ মাওবাদী পোস্টার কিনা, তা নিয়ে একাধিক প্রশ্ন। কারণ এদিন উদ্ধার হওয়া পোস্টারের বাক্য গঠন ও বানানে অজস্র ভুল।

মানবাজার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কোনও আক্রোশ থেকে এই কাজ করা হয়েছে। কারণ যে লজের কথা বলা হয়েছে তার কোনও অস্তিত্বই নেই সেখানে। এছাড়া মাওবাদীদের পোস্টারে সাধারণত ঝকঝকে হাতের লেখা এবং নির্ভুল বাংলা থাকে। ফলে এটা ‘ভুয়ো মাওবাদী’ পোস্টার হতে পারে বলে মনে করছে পুলিশ।

এ বিষয়ে বিডিও মোনাজকুমার পাহাড়ির সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি এদিন বিকেল পর্যন্ত মানবাজার থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *