ইদ উৎসবকে ঘিরে মিলন মেলার আয়োজন ভারত-বাংলাদেশ সীমান্তে, লক্ষাধিক মানুষের ঢল কুমারগঞ্জের দাউদপুরে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩ মে: ইদ উৎসবকে ঘিরে মেল বন্ধন ভারত-বাংলাদেশ সীমান্তে। ঢল নামলো লক্ষাধিক মানুষের। মঙ্গলবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সমজিয়া দাউদপুর সীমান্তে। একদিনের ওই মেলা বিএসএফ ও পুলিশের কড়া নজরদারির মধ্যে দিয়েই সম্পন্ন হয়েছে।

প্রতিবছরের মতো এদিন সকাল থেকেই দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া দাউদপুর এলাকায় ঢল নামে লক্ষাধিক মানুষের। খুশির ইদকে সামনে রেখে আত্রেয়ী নদীর দুপারে ভিড় জমান দুই বাংলার মানুষ। সীমান্তে বিধি নিষেধের জেরে নদীর ওপার থেকে হাত নাড়িয়েই একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ভারত ও বাংলাদেশের মানুষ। এদিন সকাল থেকে সীমান্ত এলাকার মানুষদের এই শুভেচ্ছা বিনিময়কে ঘিরে মিলন মেলা তৈরি হয় কুমারগঞ্জের দাউদপুর এলাকায়। রকমারি বেশকিছু দোকানির ভিড়ে একত্রিত হন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। আর যাকে ঘিরে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে কুমারগঞ্জের সমজিয়া এলাকা। যদিও আগামীতে এই মেলার দিন সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।

উদ্যোক্তাদের তরফে নুর আলম ও মোবারক আলী মন্ডলরা বলেন, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরেই এই মিলন মেলা বসছে দাউদপুরে। সীমান্ত আইনে কিছুটা বিধিনিষেধ থাকলেও প্রশাসনের সহযোগীতায় ইদের এই দিনটিতে দূর থেকেই একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ভারত-বাংলাদেশের মানুষ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মানুষদের সমাগম ঘটায় আগামীতে আরো বড় ও বেশিদিন চালানোর দাবি জানিয়েছেন তারা।

এলাকার পঞ্চায়েত সদস্য আমিনুল ইসলাম মন্ডল বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই ইদের দিনে মিলন মেলা বসে দাউদপুর এলাকায়। আইনী জটিলতায় ওপারের মানুষ এপারে না আসতে পারলেও আত্রেয়ীর ওপার থেকেই চলে দু’পারের মানুষের শুভেচ্ছা বিনিময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *