আমাদের ভারত, ১৫ মে: একদিকে যেমন কর্ণাটক ভোটের ফলাফল থেকে শিক্ষা নিতে হবে, তেমনি ২১-এর নির্বাচনে বঙ্গ বিজেপি যে যে ভুল করেছিল সেগুলোকে শুধরে নেওয়ার পরামর্শ দিয়ে সতর্ক করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তারমধ্যে আগামী ভোটে বিজেপিকে ভালো ফল করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতার প্রতিপক্ষ হিসেবে একটা মুখকে সামনে আনতে হবে বলেই পরামর্শ দিয়েছেন তিনি। ২১-এর নির্বাচনে পরাজয়ের এটা অন্যতম কারণ বলেই দাবি করেছেন তথাগত।
যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা রয়েছেন সেখানে দাঁড়িয়ে তার প্রতিপক্ষ হিসেবে মানুষের সামনে একটা মুখ আনা দরকার ছিল। সেটা না থাকায় মানুষের কাছে প্রতিপক্ষকে নিয়ে একটা ধোঁয়াশা থেকে গিয়েছিল। যার ফলে তৃণমূল বিরোধী ভোট ব্যালট বক্সে সেভাবে পরেনি। বিজেপির এই প্রাক্তন সভাপতি বলেন, “এই হারটা (কর্ণাটকের পরাজয়) থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ২০২৪-এর জন্য দলকে তৈরি হতে হবে। ২০২১ সালে বিজেপি যে ভুল করেছিল পশ্চিমবঙ্গে, ভুল পদক্ষেপ নিয়েছিল সেগুলো শুধরোবার জন্য তৈরি হতে হবে।” তার মতে, “সেই সময় প্রতিপক্ষের সামনে মুখ আনা উচিত ছিল দলের। বিশেষ করে যখন অন্য তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত শক্তিশালী নেতা আছেন তখন এটা নিয়ে মানুষের মনে ধোঁয়াশা থেকে যায়।”
এছাড়াও তার অভিযোগ, ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিজেপি হেরেছিল কারণ, দলের দায়িত্ব দেওয়া হয়েছিল একগুচ্ছ দুর্নীতিবাজ এবং একাধিক মহিলা সংসর্গে থাকা ব্যক্তিদের। তিনি বলেন, “দুর্নীতিবাজ বা নারী মাংস লোলুপদের প্রভাব প্রার্থী নির্বাচনেও পড়েছিল। ফলে সেই প্রার্থীরা হেরেছে তো বটেই তারপর তারা দল ছেড়ে অন্য দলে চলে গেছে।”
এরপরই তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “তৃণমূল বিরোধী ভোটটা বামেদের দিকে চলে যাবে। যেটা এখন প্রথাগত ভাবে বিজেপির দিকে আসছিল অথবা কিছু কংগ্রেসের কাছে যাচ্ছিল। সেটা বামেদের দিকে চলে যাবে যদি না তাড়াতাড়ি পদক্ষেপ করা হয়।”

