নদিয়ার কৃষ্ণগঞ্জে এক যুবতীর হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলো মদ্যপ এক যুবক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ আগস্ট: মদ্যপ অবস্থায় এক কিশোরীর দুই হাতে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত হরিশনগর এলাকায়। অভিযোগ, শনিবার সন্ধ্যায় অসীমা নামের ওই কিশোরী বসেছিল সেই সময়ে বিমল নামে গ্রামেরই এক যুবক মদ্যপ অবস্থায় এসে তার হাত ধরে টানাটানি করতে থাকে। সেই সময় বিমলের অশালীন ব্যবহারের প্রতিবাদ করলে সেই মুহূর্তের জন্য ওই স্থান থেকে পালিয়ে যায় বিমল।

এরপর বাড়ি থেকে একটি হাঁসুয়া নিয়ে এসে অতর্কিতভাবে ওই কিশোরীর দুই হাতে কোপ মারে মদ্যপ ওই যুবক। আক্রান্ত কিশোরীর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক বিমল। এরপর আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তার পরিবার ও এলাকার লোকজন। এই ঘটনায় অভিযুক্ত যুবক বিমলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে হরিশপুর গ্রামের স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আক্রান্ত কিশোরীর পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *